পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম, লালমনিরহাটের মহেন্দসনালয়ে হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এবং তাদের ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম-জাতি নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশে এ ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরো বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও ক্ষমতাবানদের ছত্রচ্ছায়ায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছিল। একইভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি প্রদর্শন এবং অসুস্থ ও ধ্বংসাত্মক রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের আক্রমণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সর্বোপরি রাজনৈতিকভাবে এখনই দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এ ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ঘটনাগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বিবেচিত হওয়ায় আমরা আরো বেশি উদ্বিগ্ন।
টিআইবি অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন দলীয় প্রভাবমুক্ত বিচারিক কমিটির তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
