বিরোধী দলের জন্যই সংসদের মেয়াদ বাড়ানো হয়েছে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২৩:০৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল যাতে তাদের মতামত তুলে ধরতে পারে, সেজন্য সংসদ অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সংলাপের দরজা এখনও বন্ধ করেনি, উদার মনোভাব নিয়ে এ দরজা খোলা রেখেছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ ও জমা গ্রহণ শুরু হবে আগামী ১০ নভেম্বর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশে সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আফম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামাল আহমেদ মজুমদার এমপি, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।