বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানিলুইস বলেছেন, এ দেশে শিক্ষার গুণগত ব্যাপক উন্নয়ন হয়েছে। পুরুষের পাশাপাশি নারী শিক্ষায় অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এদেশের গ্রামীণ পর্যায়ে নারী-পুরুষ সচেতন ও কর্মজীবী হয়ে উঠেছে এবং এতে মানুষের আত্মনির্ভরশীলতা বেড়েছে।
গতকাল শুক্রবার কুমিল্লার মুরাদনগরের কোড়েরপাড় আদর্শ মহিলা কলেজে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পপতি আমির খসরু, এডভোকেট আবুল কালাম আজাদসহ সুশীল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ। এরআগে রাষ্ট্রদূত কুমিল্লা সেনানিবাস সংলগ্ন ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের প্রতি সম্মাননা জানান।
