যাত্রীর ওজন দেখে বিমানে আপত্তি!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২৩:০৭
যাত্রীর ওজন বেশি হওয়ায় বিমানে তুলতে আপত্তি জানালো ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। একটি ফরাসি পরিবার চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল। কিন্তু ফেরার পথে শিকাগো এয়ারপোর্টে তারা বেকায়দায় পড়ে যায়। ক্রিস্টিনা চিনাইস নামের এক নারী জানান, তার সন্তানকে নিয়ে উড়তে চাইছে না ব্রিটিশ এয়ারওয়েজ। কারণ তার সন্তানের ওজন অনেক বেশি। ওই মহিলার সন্তানের বয়স ২২ বছর। তার ওজন ৫০০ পাউন্ড (প্রায় ২২৭ কেজি)। সে একটি রোগে ভুগছে যে কারণে দিনের পর দিন তার ওজন বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে তার চিকিত্সা করা হয়েছে। এবার বাড়ি ফিরে গিয়ে চিকিত্সা চালিয়ে যেতে হবে। কিন্তু বাধ সেধেছে বিমান কর্তৃপক্ষ। এক সপ্তাহের বেশি তারা এয়ারপোর্টের কাছে এক হোটেলে আটকে আছেন। ওই নারী বলেন, যুক্তরাষ্ট্রের আসার পথে তারা ইকোনমি ক্লাসে এসেছিলেন। যাবার সময় ইকোনমি ক্লাসে চড়তে দিতে সমস্যা কোথায় তা বুঝতে পারছি না। তিনি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। হোটেলে থাকার টাকাও শেষ হয়ে আসছে। এখন জাহাজে করে দেশে ফেরা ছাড়া উপায় দেখছি না। -এএফপি