গাজীপুরের কালিয়াকৈরে সহপাঠি রাতিমকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত অপহরণকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি মেম্বার মোঃ লাবিব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার পারভীন, শিক্ষার্থী রমজান হোসেন, সজিব প্রমুখ। সভায় বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দেয়ার দাবি জানান।
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম বলেন, স্কুল ছাত্র মুশফিক হোসেন রাতিম হত্যাকাণ্ডে জড়িত অপহরণ চক্রের মূল হোতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে রাতিম বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেলে আ. ওহাব তাকে চকলেট খাওয়ানোর কথা বলে মৌচাক বাজারে নিয়ে অপহরণ দলের বাকি সদস্যের হাতে তুলে দেয়। গত বৃহস্পতিবার রাতে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ গত শুক্রবার সকালে রতনপুর এলাকার একটি পুুকুরের পানার নিচ থেকে রাতিমের লাশ উদ্ধার করে।
