স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যত বাধা-বিঘ্ন আসুক, কোন বাধাই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারা সুসংহত রাখতে আওয়ামী লীগ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি-জামায়াত জোট হরতাল ডেকে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার হীন অভিপ্রায়ে একের পর এক হরতাল ডেকে পরীক্ষা অনুষ্ঠানকে করছে বাধাগ্রস্ত। এসব ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর কর্মকাণ্ড রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বিকালে কচুয়া উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বিতারা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসহাক শিকদার।
