চট্টগ্রামে ইউএসটিসি’র হাসপাতালও বন্ধ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৫৪
বেসরকারি বিশ্ববিদ্যালয় নগরীর খুলশী থানাধীন ফয়েস লেক এলাকায় ইউএসটিসি’র অধীনস্থ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউএসটিসি বন্ধ ঘোষণার পর গতকাল শনিবার বন্ধ ঘোষণা করে রোগীদের হাসপাতাল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের বহির্বিভাগেও রোগী দেখা হচ্ছে না। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার, অধ্যাপক ও শিক্ষকদের কক্ষে তালা লাগিয়ে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করলে নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইউএসটিসি কর্তৃপক্ষ জানায়। হাসপাতাল বন্ধ করে দেয়ার নজীরবিহীন এ ঘোষণায় চিকিত্সা অসম্পূর্ণ রেখেই প্রায় দুশ’ রোগী হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন।