শিগগিরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী নায়ক যুবরাজ সিং। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ছেড়ে এবার তিনি ভিনদেশী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে মনোযোগী হতে চান। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) এই ব্যাপারে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন যুবরাজ সিং। তিনি এ ব্যাপারে বিসিসিআইর সঙ্গে কথা বলতে চান। কানাডা, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড থেকে প্রস্তাব পাওয়ায় তিনি এই নিয়ে ভাবছেন।’ সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে নাম লিখিয়েছেন ইরফান পাঠান। তবে এখনো প্রথম শ্রেণির ক্রিকেট খেলা পাঠান বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নেননি।
