সর্বোচ্চসংখ্যক পিচিচি জয়ের রেকর্ড
লিওনেল মেসি-৬
টেলমো জারা-৬
হুগো সানচেজ-৫
রব কুইনি-৫
আলফেড্রো ডি স্টেফানো-৫
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি জোড়া গোলের পরও স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগায় নিজেদের শেষ ম্যাচে এইবার এর সঙ্গে ড্র এড়াতে পারেনি। তবে গোল দুটি তাকে টানা তৃতীয় ও ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি জয়ে সাহায্য করে।
বার্সেলোনা অধিনায়ক ২-২ এ ড্র হওয়া খেলাটিতে দুই মিনিটেরও কম সময়ে চলতি মৌসুমে নিজের ৩৫ ও ৩৬তম গোলটি করেন। এরই সুবাদে মেসি পিচিচি পুরস্কার জয়ে উঠে এসেছেন টেলমো জারার পাশে। অ্যাথলেটিক বিলবাওয়ের এই ফরোয়ার্ডও রেকর্ড ছয়বার পিচিচি জিতেছিলেন।
এইবার গত রবিবার নিজের মাঠে শুরুতে সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক কুকুরেল্লার গোলে পিছিয়ে পড়েছিল। এরপর ৩১ ও ৩২ মিনিটে মেসি গোলদুটি করেন। ৪৫ মিনিটে পাবলো দে ব্লাসিসের গোলে সমতায় ফেরে স্বাগতিক এইবার। বিরতির পরে দুই দলই গোলবঞ্চিত ছিল। তাতে সমতায় শেষ হয় লিগ চ্যাম্পিয়নদের শেষ রাউন্ড।
চলতি মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার পেছনে দারুণ ভূমিকা ছিল মেসির। ৩৪ ম্যাচে ৩৬ গোল করে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এ মৌসুমে বার্সেলোনা যেমন শিরোপার লড়াইয়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিল, ঠিক তেমনি সেরা গোলদাতার লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্ব্বী ছিলেন মেসি নিজেও। পিচিচির দৌড়ে মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্ব্বী লুই সুয়ারেজ ও করিম বেনজেমা করেছেন মোটে ২১ গোল!
পিচিচি জয়ের পর ইউরোপীয় গোল্ডেন শু’র দৌড়েও দারুণভাবে এগিয়ে আছেন মেসি। এখানে ৩৬ গোল নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টাইন তারকার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী কিলিয়ান এমবাপে। তিনি পিছিয়ে আছেন চার গোলে। ফরাসি লিগে পিএসজির শেষ ম্যাচে স্তাদ রেইমসের বিপক্ষে পাঁচ গোল করলে মেসিকে ছাড়িয়ে গোল্ডেন শু জিতবেন এমবাপে। বাস্তবতার বিচারে তাই ইউরোপীয় গোল্ডেন শু বেশ কঠিনই মনে হচ্ছে পিএসজি উইঙ্গারের জন্য।
এদিকে গোলরক্ষণে মেসির মতো একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান অবলাকও। চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ০.৭৩ গড়ে মাত্র ২৭ গোল হজম করে টানা চতুর্থ মৌসুমে জামোরা ট্রফি বগলদাবা করেছেন অ্যাটলেটিকোর স্লোভেনীয় গোলরক্ষক। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন ৩৫ ম্যাচে ০.৯১ গড়ে ৩২ গোল হজম করেছেন।
