ফরাসি ওপেনের আগে আত্মবিশ্বাসী নাদাল

আপডেট : ২০ মে ২০১৯, ২০:৫২

স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল লাল মাটির ফরাসি ওপেনের আগে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠছেন। রবিবার রোমে ইন্টারন্যাজিওনালি দ’ইতালিয়ার ফাইনালে নোভাক জকোভিচকে ৬-০, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে প্রতিযোগিতাটির নবম শিরোপা ও চলতি বছরের প্রথম জিতেছেন তিনি। প্রতিযোগিতাটির শেষ তিন বারের চ্যাম্পিয়ন জকোভিচের কাছে এর আগে মন্টে কার্লো, বার্সেলোনা ও মাদ্রিদ ওপেনে হেরে বিদায় ঘন্টা বেজেছিলো নাদালের। এই জয় নাদালের ক্যারিয়ারের ৩৪তম এটিপি ১০০০ শিরোপাও, যার ফলে ৩৩টি শিরোপা জেতা জকোভিচকে ছাড়িয়ে গেছেন এই স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারের ১২তম ফরাসি ওপেন শিরোপার সামনে দাঁড়িয়ে এই জয় দারুণভাবে উজ্জীবিত করছে নাদালকে। তিনি বলেন, ‘অবশেষে একটি শিরোপা ঘরে আসলো। গ্র্যান্ড স্ল্যামের আগে শেষ টুর্নামেন্টের শিরোপা জেতাটা অবশ্যই বিশেষ কিছু।’