পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির আসন্ন দিল্লি সফরে স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভার শীতকালীন অধিবেশনে তোলার বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করবে ভারত। পাশাপাশি ফের এক দফা উদ্যোগ নেয়া হতে পারে তিস্তা পানি বন্টন চুক্তির বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীকে বোঝানোর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১১ থেকে ১২ নভেম্বর এশিয়া-ইউরোপ বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সলমান খুর্শিদের সঙ্গে তাঁর আলাদাভাবে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হবে চলতি নভেম্বরেই বসছে লোকসভার শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে স্থল সীমান্ত চুক্তি বিলটি উত্থাপন করা হবে।
সাউথ ব্লক সূত্রে খবর, বাংলাদেশের তরফে তিস্তা পানি বন্টন চুক্তির প্রসঙ্গটি তোলা হলে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কথা বলা হবে। তারপরও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্পর্কের কারণে ফের এক দফা উদ্যোগ নেয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীকে বোঝানোর। মমতাকে বলা হবে, মৌলবাদি শক্তিগুলি বাংলাদেশে আসন্ন নির্বাচনে তিস্তার পানি বন্টনকে ইস্যু করছে। মৌলবাদি শক্তি বাংলাদেশে ক্ষমতায় এলে দুইদেশের সম্পর্কে অবনতি হতে পারে। তাই সম্পর্কের কারণেই বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বন্টন নিয়ে অন্তত অন্তর্বর্তী চুক্তি করা হোক। তারপর কোন দেশ তিস্তার পানির কত হিস্যা পাবে? তা যৌথ সমীক্ষার পর ঠিক হতে পারে।
