ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভোট লাভের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্ম নিরপেক্ষ সাজার ভান করছে। বিজেপির মতো ধর্মান্ধ দলকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার ছত্তিশগড়ের একটি জনসভায় একথা বলেন মনমোহন। খবর জি নিউজের।
সূত্র জানায়, আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপির প্রার্থী হিসেবে গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। লোকসভা নির্বাচনের আগে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনমোহনও তাই নির্বাচনী প্রচারাভিযানে নেমে পড়েছেন। গতকালের জনসভায় মনমোহন বলেন, বিজেপির স্বভাব হলো, তারা জনগণকে বোকা ভাবে। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরলেই জনগণ তাদের ধর্ম নিরপেক্ষ ভাববে না। মানুষ বিজেপির ধর্মীয় হিংস্র রূপটাকে ভয় পায়। এছাড়া বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ভোট চাইতে গিয়ে খারাপ ভাষা ব্যবহার করছেন বলে তিনি অভিযোগ করেন। সাম্প্রদায়িক দলকে ক্ষমতায় আনলে জনগণের উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
