না’গঞ্জে ডাকাতের গুলিতে স্কুলছাত্র নিহত আহত ৪

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০১
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতদের দেখে ফেলায় সালমান (৮) নামে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। এর আগে ডাকাতরা কুপিয়ে জখম করেছে নারীসহ ৪ জনকে। লুটে নিয়েছে টাকা ও স্বর্ণালংকার। শুক্রবার গভীর রাতে বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকাতে এ ঘটনা ঘটে। নিহত সালমান শান্তিনগর এলাকার ঝুট ব্যবসায়ী শাহজালালের ছেলে। সে মদনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানান মামা মোহাম্মদ রাসেল। রাসেল আরো জানান, সেদিন রাতে ১০/১২ জনের মুখোশপরা ডাকাত দল প্রথমে তাদের প্রতিবেশী মুন্না মিয়ার বাড়িতে হানা দেয়। ঐ বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুটে নেয়। তখন বাধা দেয়ায় ডাকাতেরা মুন্নাকে কুপিয়ে জখম করে। পরে ডাকাতরা রাসেলদের ঘরে হানা দেয়। তখন বাধা দেয়ায় রাসেলের মা আমেনা বেগম, দুই ভাই সাইফুল ও ইকবালকেও কুপিয়ে জখম করে। তারা চিত্কার করলে লগোয়া ঘরে থাকা সালমান বেরিয়ে আসে। ঐ সময় ডাকাতরা সালমানকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই সালমান নিহত হয়। পরে ডাকাতরা ককটেল ফাটিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলারে পালিয়ে যায়। বন্দর থানার ওসি আকতারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ককটেল এবং একটি রাম দা উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জামাল নামের একজনকে আটক করেছে।