হিন্দু বাড়ি ভাংচুর ও লুটের প্রতিবাদে মিছিল সমাবেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০২
পাবনার সাঁথিয়া ও লালমনিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিকে সাঁথিয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। খবর আমাদের অফিস প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেট: হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের যৌথ কর্মসূচিতে বক্তারা বলেন, পাবনার সাঁথিয়া ও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় অব্যাহত সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বলেন, দেশের ৩ কোটি ধর্মীয় সংখ্যালঘুর ব্যাপারে সরকার ও বিরোধী দল কেউ আন্তরিক নন। সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে দুপুরে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী মানববন্ধনে সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিরাজ মাধব চক্রবর্তী মানস। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন প্রদীপ কুমার ভট্টাচার্য, নিরঞ্জন কুমার দে, রজত কান্তি ভট্টাচার্য, অসিত ভট্টাচার্য প্রমুখ। পিরোজপুর:পিরোজপুরে বিকালে মানববন্ধন ও মিছিল হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের পক্ষে চন্ডী চরণ পাল, বিমল মন্ডল, তুষার কান্তি মজুমদার, হরেন্দ্র নাথ অধিকারী প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এম এ মান্নান, ডা. তপন কুমার বসু প্রমুখ। যশোর:যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহরের চৌরাস্তা মোড়ে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদ এর আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি অসীম কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিমল রায় চৌধুরী, তারাপদ দাস, দীপংকর দাস রতন, একরাম উদ দৌলা, ফারাজী আহমেদ, সাঈদ বুলবুল, বদরুজ্জামান বাবুল, সুকুমার দাস, সাজ্জাদ গণি খান রিমন, বিষ্ণু সাহা, মাহমুদ হাসান বুলু, সন্তোষ দত্ত, আবুল কাশেম, দুলাল সমাদ্দার প্রমুখ। আলোচনা শেষে শহরে বিক্ষোভ মিছিল করে অপরাধীদের গ্রেফতার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। নরসিংদী:গতকাল নরসিংদী জেলা ও শহর পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল, আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, এস এম কাইয়ুম, আফছার উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, মীর লোকমান হোসেন, বিনোদ বিহারী সাহা, হলধর দাস, দীপক কুমার সাহা, নারায়ণ কুমার সাহা মেম্বার, শ্যামল কুমার সাহা, তপন আচার্য্য, দিলীপ কুমার সাহা, ডা. বিজয় কুমার বণিক প্রমুখ। গৌরনদী (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদর রোড মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনীল কুমার বাড়ৈ, গোলাম মোর্তুজা খান, যতীন্দ্র নাথ মিস্ত্রি, অনিমেষ মন্ডল। বরগুনা (দক্ষিণ): বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন সুখ রঞ্জন শীল, জীবন কৃষ্ণ, ভুবন চন্দ্র হাওলাদার, মনির হোসেন কামাল প্রমুখ। বাগেরহাট:বাগেরহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সাধনার মোড়ে রবিন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিব প্রসাদ ঘোষ, অমিত রায়, অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, অবনীশ চক্রবর্তী, শিল্পি সমাদ্দার, স্বপন দাস, অসীম সরকার, নিবাস বিশ্বাস, বিশ্বনাথ গৌতাম, তাপস সেন প্রমুখ। সাঁথিয়ার ঘটনায় একজন গ্রেফতার এদিকে সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে গত ২ নভেম্বর মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্রের লিফলেট প্রচার ও বিক্রয়ের অভিযোগে আতাইকুলা থানা পুলিশ আমিমুল (৪০) নামে এক জামায়াত সমর্থককে গ্রেফতার করেছে। সে সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের এমদাদ আলীর ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সাঁথিয়া উপজেলার বনগ্রাম নিজ প্রতিষ্ঠান রংধনু কম্পিউটার সেন্টার থেকে আমিমুলকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রংধনু কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকান থেকে আমিমুল শত শত লিফলেট প্রচারের উদ্দেশ্যে বিক্রয় করে। তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ এনে মামলা এজাহারভুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে আমিমুলকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।