বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল শনিবার পাবনা, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাট, কুমিল্লার হোমনা এবং ভোলা সদরে হরতাল পালিত হয়েছে। এদিকে শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পাবনা:বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপির ডাকা শনিবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে শুরু হলেও দুপুরের দিকে উত্তপ্ত হয়ে উঠে। ককটেল বিস্ফোরণ, দোকান, ব্যাংকের শাখা অফিস, মটরসাইকেল ভাঙচুর ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর ও ট্রাক চালক ইউনিয়ন। অপরদিকে ঈশ্বরদীতে বিআরটিসি বাস ভাঙচুর করে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।
নোয়াখালী :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে গতকাল শনিবার কবিরহাটে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। এদিকে শুক্রবার রাতে বিক্ষুব্ধ ১৮ দলের নেতা-কর্মীরা জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ৭/৮টি বিভিন্ন ধরনের গাড়ি ভাংচুর এবং একটি বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর গভীর রাতে সুধারাম থানা পুলিশ জেলা জাসাসের আহ্বায়ক লিয়াকত আলী খান ও জেলা বিএনপির সাধারণ সমপাদক হারুনুর রশিদ আজাদের ছোট ভাই আবদুল আউয়াল নসুকে বাসা থেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় কোন মামলা না থাকায় মুছলেকা নিয়ে গতকাল দুপুরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে ওসি মোশাররফ হোসেন তরফদার জানান। এদিকে গতকাল বিকালে ১৮ দলের আহূত ৮৪ ঘন্টা হরতালের সমর্থনে জেলা শহর মাইজদীতে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী):গতকাল হরতালে উপজেলার বিভিন্ন হাটবাজার ও প্রধান প্রধান সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোম্পানিগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠন হরতাল পালন করে। হরতালে স্কুল-কলেজ বন্ধ ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। হরতালে সিরাজপুর ইউনিয়নের সরকার দিঘিরপাড় আওয়ামী লীগ কার্যালয়, সমিতি অফিস ও দোকানপাট, চাঁড়াভিটির ব্র্যাক অফিসের পাশে সমিতির অফিস ও দোকানপাট ভাংচুর করে। বর্তমানে বিজিবি ও পুলিশ এর টহল অব্যাহত রয়েছে। হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল বের হয়। পিকেটারদের হাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন ও চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগ কর্মী আবুল কালাম আহত হয়। আহত মামুনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আবুল কালামকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোমনা (কুমিল্লা):হোমনায় স্থানীয় ১৮ দলের ডাকা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। হরতালে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ১৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়।
ভোলা (দক্ষিণ):গতকাল শনিবার ভোলা সদরে আংশিক হরতাল পালিত হয়েছে। সকালে কিছুসংখ্যক দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে এবং সকল প্রকার যানবাহন চলাচল শুরু করে। দিনের শুরুতে পিকেটাররা কিছু রিকশা, ইজিবাইক ভাঙচুর করলেও সকাল ১০টার পর আর পিকেটারদের দেখা যায়নি।
