সারাদেশে ১৮ দলের টানা ৮৪ ঘণ্টার হরতাল শুরু আজ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০৮
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি এবং দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশী হানার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আহূত সারাদেশে টানা ৮৪ ঘণ্টার হরতাল আজ রবিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ে এক বৈঠকশেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রথমে টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন। বিকালে এই ঘোষণা দেয়ার পর রাতে আটক হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান বিশ্বাস। নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশী হানার প্রতিবাদে পূর্বঘোষিত টানা ৭২ ঘণ্টার সঙ্গে আরও ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা দেয়া হয়। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। বর্তমান সরকারের সময় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের হরতাল। এর আগে গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর বিরোধীদল টানা ৬০ ঘণ্টা করে দুই দফা হরতাল পালন করে।