সহিংসতা ও সংঘাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০৯
সংঘাতমূলক কর্মকাণ্ডে উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল শনিবার পৃথক পৃথক প্রতিক্রিয়ায় দেশ দুটি সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহবান জানিয়েছে। বাংলাদেশে মার্কিন দূতাবাসের মুখপাত্র মিস কেলি ম্যাকার্থি এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিন ও সাম্প্রতিক কয়েক ঘন্টার ঘটনাবলী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হওয়া অত্যাবশ্যকীয় করে তুলেছে। আমরা সহিংসতা পরিহার করতে সব দলকে আহবান জানাই। যেকোন প্রকৃতির সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়। সহিংসতা গ্রহণযোগ্যও নয়। সব দল যাতে স্বাধীনভাবে ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মতামত প্রকাশ করতে পারে সেজন্য উপযোগী রাজনৈতিক পরিবেশ থাকতে হবে। যেহেতু এমন পরিস্থিতিতে নির্বাচন খুবই নিকটে তাই প্রধান দলগুলোকে গঠনমূলক সংলাপে বসতে হবে যাতে একটি বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথ বের হয়। যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এক বিবৃতিতে সংঘাতমূলক পদক্ষেপে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রধান দুই দলের গঠনমূলক সংলাপের পরিবর্তে অব্যাহতভাবে সংঘাতমূলক পদক্ষেপ দেখে আমি খুবই হতাশ। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে উভয় পক্ষ সংলাপে বসে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারবে।