বিএনপি নেতাদেরকে গ্রেফতারের নিন্দায় জামায়াত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৮
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, গ্রেফতার এবং নেতাদের বাড়িতে তল্লাশির মাধ্যমে সরকারের স্বৈরাচারী চরিত্রই নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, নেতৃবৃন্দকে গ্রেফতারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বর্তমান সরকার দেশে বিরাজমান সংকটের সমাধান চায় না। জাতীয় নেতাদেরকে কারাগারে রেখে একদলীয় নির্বাচন করে সরকার পুনরায় ক্ষমতায় আসতে চায়। সরকার সংলাপের কথা বলে অহেতুক সময় ক্ষেপণ করছে। এ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না। তিনি আরো বলেন, সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সরকারি দল পরাজিত হবে। সে জন্যই সরকার ১৮ দলীয় জোটসহ অন্য বিরোধী দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে চাইছে।