লোহাগড়ায় পাচারকারীদের কাছে স্ত্রীকে বিক্রির সময় স্বামীসহ গ্রেফতার ৩

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:২০
জেলার লোহাগড়া উপজেলায় গতকাল শুক্রবার স্ত্রীকে পাচারকারী চক্রের কাছে বিক্রি করার সময় স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ পাচারকারী চক্রের কাছ থেকে স্ত্রী রুনা আক্তারকে উদ্ধার করে। এ ঘটনায় রুনা বাদী হয়ে স্বামীসহ ৩ জনের নামে মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, রুনার স্বামী সজীব সরকার গত বৃহস্পতিবার সকালে কথিত মামাতো বোনের বাড়ি লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার কালিগঞ্জ বাজারে আসে। এরপর সজীবের পূর্ব পরিচিত ও পাচারকারী দলের সদস্য টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাত গ্রামের মনোরঞ্জন মণ্ডল ওরফে বাবু, লাহুড়িয়ার এগারোনলি গ্রামের রবিউল মোল্লাসহ ৪/৫ জন অপরিচিত লোকের কাছে গতকাল বিকালে ১ লাখ টাকার বিনিময়ে তার স্ত্রীকে বিক্রি করে দেয়। এ সময় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কালিগঞ্জ বাজারের ভ্যান স্ট্যান্ড এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করার অভিযোগে তাদের গ্রেফতার করে। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মিলন ঘোষ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।