গল্প নয় সত্যি

ব্যাগের কারণে বহিষ্কার!

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২০:২৪
ছেলে-মেয়েদের স্কুলবেলায় কত বিচিত্র রকমের দুষ্টুমির কারণেই তো শাস্তি পাওয়ার মতো ঘটনা ঘটে। কখনও কখনও এই শাস্তির পাট যেমন চুকে যায় মামুলি কানমলা বা বকঝকাতে তেমনি কখনো কখনো তা গড়ায় স্কুল থেকে বহিস্কারের মতো চূড়ান্ত শাস্তিতেও। যদিও এ ধরনের ঘটনা কদাচই সংবাদ শিরোনাম হবার যোগ্যতা রাখে। যদিও সম্প্রতি আমেরিকার কানসাসে এ ধরনের একটি শাস্তির ঘটনা রীতিমতো ফলাও করে প্রচারিত হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। আর যে বহিষ্কারকে কেন্দ্র করে এই আলোচনা, সেই বহিষ্কারের ঘটনাটি ঘটেছে একটি ডিজাইনার ব্যাগকে কেন্দ্র করে। ঘটনার বিবরণে জানা যায়, স্কাইলার ডেভিস নামের ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রকে তার সাথে থাকা একটি ডিজাইনার হ্যান্ডব্যাগ ক্লাসে আনতে বারণ করা হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই নিষেধ মানতে অস্বীকৃতি জানানোর কারণে গেল বুধবার তাকে ডেকে পাঠানো হয় ডেভিসের স্কুল অ্যান্ডারসন কাউন্টি সিনিয়র-জুনিয়র স্কুলের সহকারী অধ্যক্ষ ডন হিলার্ডসের অফিসে। সেখানে হিলার্ডস ডেভিসকে জানান যে, ডেভিস যদি আগামী দিন থেকে তার ব্যাগটি বাসায় রেখে আসতে রাজি হয় শুধুমাত্র তাহলেই এই স্কুলে পড়ার অনুমতি মিলবে তার। তবে হিলার্ডসের এই কথায় আগের মতোই অস্বীকৃতি জানায় ডেভিস। আর এরই ফলে স্কুল থেকে বহিষ্কার করা হয় তাকে। এদিকে স্কুলের এ ধরনের আচরণকে প্রথম থেকেই অযৌক্তিক বলে মনে করা ডেভিস ও তার মা যারপরনাই খেপেছেন স্কুল কর্তৃপক্ষের এই আচরণে। স্থানীয় টেন নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ডেভিস জানায়, এই ব্যাগটি তার রুচিবোধের প্রকাশক এবং যেহেতু এটি কারও ক্ষতি করছে না বা কোনো ধরনের বিতর্কিত বার্তা বহন করছে না তাই সে মনে করে অন্য যে কারও মতো সেও এই ব্যাগটি বহন করতে পারে। অন্যদিকে ডেভিসের চাইতে আরও একটু বেশি ক্ষোভ প্রকাশ করে তার মা লেসলি উইলিস বলেন, ‘যেখানে একই স্কুলের মেয়েরা তাদের পছন্দসই হ্যান্ডব্যাগ বহন করতে পারে সেখানে একটি ছেলের হ্যান্ডব্যাগ নিয়ে স্কুল কর্তৃপক্ষের এই আচরণ বৈষম্যমূলক। তাছাড়া খ্যাতনামা ডিজাইনার ভেরা ব্র্যাডলির একটি ব্যাগ বহন করার জন্য স্কুল থেকে বহিষ্কারের মতো শাস্তি স্রেফ বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।’ এদিকে ডেভিসের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনটি এখন স্কুল পরিচালনা কমিটির কাছে জমা থাকলেও তারা এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।