একহাতের তালুতে একইসাথে বেশ কয়েকটি টেনিস বলকে ভারসাম্য বজায় ধরে রাখাটা চাট্টিখানি কথা নয়। তবে সবাইকে অবাক করে দিয়ে আর রেকর্ড বুকে নিজের নামটিকে পাকাপোক্ত করে নিয়েই সম্প্রতি এক হাতে ২৩টি টেনিস বল ধরে রাখার রেকর্ড গড়েন ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের অধিবাসী মহাদেও ভুজবল। মজার বিষয় হলো, এই রেকর্ডটি গড়ার আগে সর্বশেষ রেকর্ড হিসেবে ২১টি টেনিস বল হাতে রাখার কথাই জানা ছিল ভুজবলের এবং সে হিসেবেই অনুশীলন করেছিলেন তিনি। তবে রেকর্ড গড়তে এসে যখন তিনি জানলেন যে এতদিনে এই রেকর্ডটি ২২টি বল ধরে রাখায় উন্নীত হয়েছে তখন নতুন করে চেষ্টা করার মাধ্যমেই পুনরায় ২৩টি বল ব্যালেন্স করায় সফল হন ভুজবল।
