কক্সবাজার প্রতিনিধি
অভিনব পদ্ধতিতে তেলের টাংকিতে নিয়ে পাচারকালে কক্সবাজার সদরের লিংকরোড এলাকা থেকে সোমবার ভোররাতে অর্ধলাখ ইয়াবা জব্দ করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও পাচার কাজে ব্যবহূত ট্রাক জব্দ করা হয়েছে।
আটকরা হলো যশোরের জিগরগাছা থানার বারবাগপুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে মো. তারেক হোসেন ও সাতক্ষীরার কলারোয়া থানার দক্ষিণ দীঘং গ্রামের মৃত ঝাড় গাজীর ছেলে মো. শরিফুল ইসলাম। তারা গাড়িটির চালক ও হেলপার।
রামু র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, টেকনাফ হতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা ট্রাকযোগে কক্সবাজারের দিকে আসছে এমন খবর পেয়ে সদরের লিংকরোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় লিংকরোডের টেকনাফ রোডে হাজী গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে বসানো চেকপোস্ট টেকনাফ থেকে আসা ট্রাকটি থামায়। এরপর চালক ও হেলপারকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে ইয়াবা লুকানোর কথা স্বীকার করে। পরে তল্লাশি করে একশটি পোটলা বের করে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। আটকরা জানায়, ইয়াবা কেনার উদ্দেশ্যেই খালি ট্রাক নিয়ে যশোর হতে তারা টেকনাফে এসেছে এবং দীর্ঘদিন যাবত টেকনাফ এলাকা হতে ইয়াবা কিনে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছে। তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধার ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
