শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন না ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার স্থলে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের নেতৃত্বে ভারতীয় দল কলম্বো সফরে যাবে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে। তবে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করা হবে। এর আগে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারাপার এ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী সপ্তাহে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর এপির।
একদিন আগে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৈঠকে মনমোহন সিং ছাড়াও দলের সভাপতি সোনিয়া গান্ধী এবং কংগ্রেস দলীয় জ্যেষ্ঠ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ঐ বৈঠকেই কলম্বো সফর বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এনডিটিভি জানিয়েছে, সম্মেলনে অংশ নেয়ার ক্ষেত্রে অপারগতার কথা জানিয়ে মনমোহন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপাকসেকে একটি চিঠি লিখেছেন।
এদিকে মনমোহন সিংয়ের কমনওয়েলথ সম্মেলনে যোগ না দেয়ায় কমনওয়েলথ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। তিনি বলেন, কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী যোগ না দিলে কলম্বো সম্মেলনে তেমন কোনো পরিবর্তন আসবে না। তবে এজন্য কমনওয়েলথ ক্ষতিগ্রস্ত হবে।
