ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার সময় আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল রবিবার তার চেম্বারের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান এ তথ্য জানিয়েছেন।তিনি সাংবাদিকদের জানান, শনিবার তাকে ঢাকা সিএমএম আদালতে নেয়ার সময় প্রিজন ভ্যানের মধ্যে বসার জন্যে চেয়ার দেয়া হয়েছিল। পরে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে বসার জন্যে চেয়ার ছিল। কিন্তু শনিবার রাত ৮টার দিকে যখন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে নেয়া হয়, তখন প্রিজন ভ্যানের বসার চেয়ার সরিয়ে নেয়া হয়। দাঁড়িয়ে কশিমপুর কারাগারে যাওয়ার পথে গাড়ি ব্রেক কষলে প্রিজন ভ্যানের ভেতরে তিনি পড়ে যান। এতে ডান হাতের কব্জি থেকে হাতের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত ফুলে যায়। কারাগার কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে তার চিকিত্সার ব্যবস্থা করেন।
