তিস্তা চুক্তির সম্ভাবনা রিপোর্ট শেখ হাসিনাকে পাঠিয়েছে ভারত

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৮
তিস্তার পানি বণ্টন নিয়ে নতুন রিপোর্ট তৈরি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তিস্তা পানি বণ্টন চুক্তি সম্পাদনের নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, তিস্তার পানি বণ্টন নিয়ে নতুন যে সম্ভাবনা রিপোর্ট করা হয়েছে, তা পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এ নিয়ে আলোচনা করতে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ঢাকা যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারক গোষ্ঠী স্ট্র্যাটেজিক ফোর সাইটের উচ্চপদস্থ কর্মকর্তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, স্ট্র্যাটেজিক ফোর সাইটের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশের নদী কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। তিস্তা চুক্তি নিয়ে ভারত, বাংলাদেশ যৌথ বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে। চুক্তিতে আন্তর্জাতিক নীতি, নিরাপত্তা বিষয়ক নীতিসহ আরো নতুন কিছু নিয়ম সংযোজন করা হতে পারে। স্ট্র্যাটেজিক ফোর সাইটের রিপোর্ট অনুসারে এখনই তিস্তা চুক্তির আদর্শ সময়। চুক্তি হলে উপকৃত হবে দুদেশের কয়েক কোটি মানুষ। স্ট্র্যাটেজিক ফোর সাইটের সভাপতি ড. সন্দীপ ওয়ালেস্কারের মতে পানি বণ্টনের নিয়ম করে দেয়া উচিত, যাতে দুই দেশই অন্তত ১০ বিলিয়ন কিউবিক মিটার করে পানি পায়। পাশাপাশি তিনি যৌথ নদী কমিশনে কিছু ফাঁক রয়েছে বলে জানান। তার মতে, এ বিষয়ে এমন একজনকে নেতা করা, যিনি দুই দেশের প্রতিনিধিত্ব করবেন।