বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সংগঠনের যুগ্ম সম্পাদক ও পাবনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।
ফেডারেশনের সভাপতি সাবেক এমপি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী গতকাল এক যুক্ত বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করেন।
তারা বলেন, শিমুল বিশ্বাস পরিবহনের একজন পরীক্ষিত শ্রমিক নেতা। মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় সড়ক পরিবহন সেক্টরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পাবনায় পরিবহন ধর্মঘট শুরু
পাবনা প্রতিনিধি জানিয়েছেন, শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে পাবনা জেলা মটর শ্রমিক, ট্রাক ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল রবিবার থেকে জেলায় এ পরিবহন ধর্মঘট শুরু হয়। শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে পাবনা শহরে গতকাল পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে। পথসভায় হামলায় ৬ পরিবহন শ্রমিক আহত হয়।
