দেশকে সীমাহীন নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না :মির্জা ফখরুল

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রক্তারক্তি খুনাখুনি বন্ধ করুন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুষ্কৃতকারীদের দিয়ে দেশের বরেণ্য ব্যক্তিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর আক্রমণ বন্ধ করুন। দেশকে সীমাহীন নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। দেশের মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে দিতে গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন করুন। অন্যথায় জনগণ আপনাদের প্রতিটি অন্যায়ের উপযুক্ত জবাব দেবে। গতকাল রবিবার এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেছেন, গত শনিবার ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী ‘দৈনিক ইনকিলাব’ এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের বাসায় তল্লাশীর নামে হানা দেয়। এছাড়া দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিমের বাসায় দুষ্কৃতকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। তার বাসার দারোয়ানকেও গুলি করা হয়েছে। একে ন্যক্কারজনক ও ফ্যাসিবাদী আচরণ হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, মূলত সরকারের অনাচারের বিরুদ্ধে সমালোচনা নিষ্ঠুরভাবে বন্ধ করতেই এগুলো করা হচ্ছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্য নিয়ে দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। সভ্যতা, সংস্কৃতি, মানবতা, সদাচার ও পরমতসহিষ্ণুতাকে বর্তমান সরকার মোটেই পছন্দ করে না বলেই এদের হাতে দেশের গুণীজনরা অপমানিত হয় বলেও তিনি মন্তব্য করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি