নির্বাচন কমিশন আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল রবিবার প্রধান অতিথির বক্তব্যে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মন্ত্রিসভা পুনর্গঠনে মন্ত্রীরা পদত্যাগ করছেন। প্রধানমন্ত্রী সংসদে যে দলের প্রতিনিধি আছে তাদের নিয়েই মন্ত্রিসভা পুনর্গঠনে বিরোধী দলের নেতাকে সংসদ সদস্যদের নাম পাঠানোর আহ্বান করেছেন। ১৮ দলের জ্বালাও পোড়াও ‘হরতালকে’ জনগণ প্রত্যাখান করেছে। নির্বাচন হবেই, নির্বাচনে কে এলো, কে এলো না এটা বড় কথা নয়। এ দেশের মানুষ ভোট পাগল, ভোটকে তারা উত্সব মনে করে।
বিএনপি না এলে কি নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানের কোথাও লেখা নেই বিএনপি না এলে নির্বাচন করা যাবে না। কাজেই সংবিধানে যা আছে সেভাবেই নির্বাচন হবে। অসাংবিধানিক সরকার আসার কোনো আলামত আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অসাংবিধানিক সরকার কখনও সাংবিধানিকভাবে আসে না। জনগণের প্রতিনিধি হিসেবে এটা বলার এখতিয়ার আমার নেই। বিএনপি নির্বাচনে না এলে ওই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির ওপর নির্ভর করবে।
স্কুলের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলতাব উদ্দিন, ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র আজিজুর রহমান, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার গনিউজ্জামান লস্কর, পৌর আওয়ামী লীগ সভাপতি সিরাজ দৌলা তালুকদার।
