রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত ১৫ নভেম্বরের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে তাবলীগ জামায়াতের ঢাকা বিভাগীয় জোড় (সমন্বয় সভা) ও আসন্ন পবিত্র আশুরাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেন সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফী। মহাসমাবেশের তারিখ পরবর্তী সভায় নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় সারাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশের তারিখ চূড়ান্ত করা হয়।
সভাপতির ভাষণে আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেন, কওমী মাদ্রাসা নিজেদের স্বকীয়তা ও স্বাধীন সত্তা নিয়ে কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে টিকে থাকবে। সনদের স্বীকৃতির বিনিময়ে চিনির মোড়কে বিষ পান করার কোনো কারণ নেই। আমরা সরকারি নিয়ন্ত্রণ ও খবরদারি মেনে তথাকথিত কোনো স্বীকৃতি চাই না।
