বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামে এবাদউদ্দিন (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। সে ভাটিয়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম তাজুল ইসলাম। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাটিয়া জহিরকোনা গ্রামের তাজুল ইসলামের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী নূরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্র এবাদউদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূরুল ইসলাম, তার ভাতিজা মাজহারুল ও নূরুল ইসলামের বোন জুমেলাকে গ্রেফতার করা হয়েছে।
