চট্টগ্রাম অফিস
পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় রবিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনে তিন রোহিঙ্গা ও এক দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটক রোহিঙ্গারা হলো আলী হোসেন, তার স্ত্রী সাহেরা খাতুন ও মেয়ে সাবেকুন নাহার এবং দালালের আব্দুল মান্নান। ওই রোহিঙ্গা দম্পতি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
রেলওয়ে থানার ওসি মোস্তফিজুর রহমান জানান, রোহিঙ্গা আলী হোসেনের ভাগ্নে ভারতের মেঘালয় প্রদেশে বসবাস করছে। কক্সবাজারের সলিম নামে এক মানব পাচারকারী আলী হোসেনের পরিবারকে ভারতে ভাগ্নের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সিলেটের গরু ব্যবসায়ী ও দালাল আব্দুল মান্নানের হাতে তুলে দেয়। ওইদিন তারা কক্সবাজার থেকে বাসে চট্টগ্রাম এসে রেলস্টেশনে ঢুকে পড়ে। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশকে বিস্তারিত জানায়।
