মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া গোড়ান এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এই তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছে মো. মনির হোসেন, মো. হানিফ মিয়া এবং মো. রাব্বি হোসেন। এসময় পুলিশ তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র, রশি ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া-গোড়ান এলাকার কবরস্থানে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে এসআই মো. ফয়সাল ও এএসআই মো. রফিকুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় প্রচলিত আইনে মামলার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
