এইচএসসি ২০১৪

ব্যবসায়নীতি ও প্রয়োগ বিষয়ের সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে উত্তর লেখার সাধারণ কিছু নিয়মাবলী

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫৭
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালো আছ। সামনে পরীক্ষা। নিশ্চয় পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। তোমাদের ব্যবসায়নীতি ও প্রয়োগ বিষয়ের সৃজনশীল প্রশ্ন দিয়ে এই বছরই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পদ্ধতি নিয়ে বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্নরকম মন্তব্য থাকলেও এই পদ্ধতি একটি যুগোপযোগী আধুনিক শিক্ষানির্ভর মুখস্থবিহীন চিন্তাশীল উত্কর্ষতার পদ্ধতি। সর্বোপরি এই পদ্ধতিকে একটি স্বাধীন আনন্দদায়ক পদ্ধতি বলতে পারি। স্বাধীন এজন্য বলতে পারি, একজন ছাত্র বা ছাত্রী উদ্দীপকের ঘটনাকে তার নিজস্ব বিবেক- বুদ্ধি দিয়ে ঘটনার আলোকে নিজের স্বকীয়তা বজায় রেখে মতামত প্রদান করতে পারে। আর এজন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো পাঠ্যপুস্তকের প্রত্যেকটি অধ্যায় মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে। আর মনোযোগ দিয়ে কয়েকবার পড়লে উদ্দীপকের ঘটনাই তোমাদের পাঠ্যপুস্তকে নিয়ে যাবে, যার মধ্য থেকে খুব সহজেই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর বের করতে পারবে। মার্কিন শিক্ষা মনোবিজ্ঞানী বেঞ্জামিন এস. ব্লুমর্স ১৯৫৬ সালে চিন্তন দক্ষতার স্তরকে ৬টি সোপানে ভাগ করেছেন। যথা-জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ৬টি স্তরকে বিশ্লেষণ করে ৪টি স্তরে ভাগ করেছেন। যথা-জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা, যা আরো যুগোপযোগী ও আধুনিক হয়েছে। ব্যাখ্যা করার সুবিধার্থে নিচে একটি উদ্দীপক তুলে ধরা হলো: ফয়সাল, ফাহাদ ও মাহমুদ তিন বন্ধু মিলে একটা সফর্টওয়্যার ফার্ম চালায়। ব্যবসাটি ভালোই চলছে। তাদের আরো পুঁজির দরকার হওয়ায় তারা চাকরিজীবী সিয়ামকে শুধুমাত্র সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসাবে গ্রহণ করতে চায়। সিয়ামও এতে খুশি। এর কিছুদিন পর ফাহাদ গণবিজ্ঞপ্তি দিয়ে ব্যবসা হতে অবসর গ্রহণ করে তার সমস্ত মূলধন ব্যবসায়ে রেখে দেয়। ক) অংশীদারী ব্যবসায় কি? খ) অংশীদারী চুক্তিপত্র বলতে কি বুঝায়? গ) উদ্দীপকের আলোকে জনাব সিয়াম কোন ধরনের অংশীদার? আলোচনা কর। ঘ) উদ্দীপকে জনাব ফাহাদের গণবিজ্ঞপ্তি দেয়ার কোন যৌক্তিকতা আছে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। লেখক: মো. কবির হোসেন (সুজন) প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা পরবর্তী অংশ আগামীকাল