পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আর কোন সরকারই বাস্তবায়ন করবে না বলে হতাশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, মহাজোট সরকার ক্ষমতায় এসে চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি। আওয়ামী লীগ সরকার চুক্তি স্বাক্ষর করেও তা বাস্তবায়ন না করে চুক্তির টুটি চেপে ধরেছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার পিছনে দেশি-বিদেশি যড়ষন্ত্র সক্রিয় রয়েছে মন্তব্য করে তিনি শিক্ষিত পাহাড়ি সমাজকে চুক্তি বাস্তবায়নে ঐক্য ও সংহতি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
গত রবিবার রাঙ্গামাটিতে সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমার ৩০তম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত স্মরণ সভায় সন্তু লারমা এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমীতে এম এন লারমার মেমোরিয়াল ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগার আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন- গবেষক অংসানু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, মহিলা নেত্রী কল্পনা চাকমা, ছাত্রনেতা বিভাষ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় কেতন চাকমা।
