চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তদের গোপন বৈঠকে হানা দিয়ে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যানুযায়ী একটি রিভলবার, দুইটি বড় ধারালো দা ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশ রবিবার রাতে যৌথ অভিযান চালিয়ে শান্তিপাড়ায় নির্মাণাধীন চারতলা একটি ভবন থেকে তাদের গ্রেফতার ও পরে অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ভবনটির মালিক শান্তিপাড়ার মো. ফারুক হোসেন।
সদর থানার পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃত আকাশের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি, ইভনের বিরুদ্ধে ডাকাতি ও গোলাম মোস্তফা মদনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। রাতেই ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বাদী হয়ে অস্ত্র আইনে এবং উপ-পরিদর্শক (এসআই) ভবতোষ রায় বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দুইটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দুইটি মামলায় গ্রেফতার ১৩ জনকে আদালতে সোপর্দ করা হবে।
