বরিশাল নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত

আপডেট : ২০ মে ২০১৯, ২১:৩২

অভিযানে পুলিশ

বরিশাল অফিস

নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে মাঠে নেমেছে নগর পুলিশ। সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. রাসেলের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামে পুলিশ। নগরীর চকবাজার এলাকা থেকে এই অভিযান শুরু হয়। রাস্তার দু’পাশে থাকা ফুটপাতের অবৈধভাবে দখলদার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। নগরীর চকেরপুল থেকে শুরু হয়ে এই অভিযান চলে ফলপট্টির মোড় গীর্জ মহল্লা এলাকায়।

অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, দীর্ঘদিন ধরে চকবাজারের কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছে। এ কারণে ঈদের সময় পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। ঈদের কেনাবেচা নির্বিঘ্ন করতে এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতেই এই অভিযান। পুরো এলাকা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি।