বাঘায় নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘার পদ্মা নদী থেকে ছালেজান (৭০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চকরাজাপুর খেয়াঘাটের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। ছালেজান পার্শ্ববর্তী লালপুর উপজেলার মহর কয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের স্ত্রী। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, নদী থেকে ছালেজানের লাশ উদ্ধারের পর তার সন্তান ইসলামসহ পরিবারের লোকজন সেখানে উপস্থিত হন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় একটি ইউডি মামলা দায়ের করে লাশ হস্তান্তর করা হয়।
তাড়াশে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন ইউএনও ইফফাত জাহান, খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম প্রমুখ। এবছর কৃষকদের কাছ থেকে ৬৫০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
নগরকান্দায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছে খাদ্য অধিদপ্তর। সোমবার সকালে এ ধান ক্রয় কার্যক্রম শুরু হয়। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ২০ মে থেকে শুরু করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। যে সমস্ত কৃষকের কৃষি কাজ থেকে সরাসরি ধান ক্রয় করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা খাদ্যগুদামের ২নং গোডাউন পৌরসভার গাংজগদিয়ায় ধান ক্রয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই সরকার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
সাঁথিয়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা সাঁথিয়া উপজেলা সরকারি খাদ্য গুদামে গতকাল সোমবার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নূর মোহম্মদ, এলএসডি শাহিনুর আলম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ মিলার ও সুধীজন। এ বছর উপজেলায় ২৬ টাকা কেজি দরে ২৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানা যায়।
মদনে ইরি-বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
মদন (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার মদনে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খাদ্যগুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. ওয়ালীউল হাসান, কৃষি অফিসার মো. গোলাম রাসুল, খাদ্য নিয়ন্ত্রক মো. ইলিয়াছ আলী প্রমুখ।
চলতি ইরি-বোরো মৌসুমে নেত্রকোনার মদনে ৪৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে ২৬ টাকা কেজি দরে একজন প্রান্তিক কৃষক সর্বোচ্চ তিন মেট্রিকটন ধান বিক্রি করতে পারবে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে ৬ রাইস মেইল থেকে ১২৪২ মেট্রিক টন সিদ্ধ এবং ২৮৫ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
ঈশ্বরদীতে বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) ঈশ্বরদী শাখার আয়োজনে রবিবার সকালে বীজ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনার ঈশ্বরদী কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. রোকণূজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন ডাল গবেষণার পরিচালক রইছ উদ্দিন চৌধুরী, ডিএই পাবনার উপ-পরিচালক আজাহার আলী, অতিরিক্ত কৃষি অফিসার রোকশানা কামরুন্নাহার। স্বাগত বক্তব্য দেন ফার্ম ম্যানেজার আব্দুস সোবাহান। কর্মশালায় বিনা উদ্ভাবিত মুগ, তিল, আউশ ধানের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের বিষয়ে কৃষি বিভাগের উপ সহকারী ও কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
শ্রীমঙ্গলে মাছের পোনা অবমুক্ত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণের প্রত্যাশায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে এসব পোনা অবমুক্ত করেন ইউপি চেয়ারম্যান মিলন শীল। দেশীয় রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের ছোট ও বড় মাছের পোনা অবমুক্ত করা হয়। ইউপি চেয়ারম্যান মিলন শীল বলেন, এই মাছগুলো বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করা হবে। এখন থেকে পুকুরটিতে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে মাছের আবাদ করা হবে। এতে করে স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে দেশীয় মাছের যোগানও বৃদ্ধি পাবে।
