‘শচীন ক্রিকেটকে মিস করবে’

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:০৩
শচীন টেন্ডুলকার ক্রিকেট ছাড়লেও ক্রিকেট এত সহজে শচীনকে ছাড়বে না। মুম্বাইতে আগামী ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া শচীনের ক্যারিয়ারের শেষ টেস্টে শুরুর আগে শচীন সম্পর্কে এমনই মন্তব্য করেছেন আরেক ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা। টেন্ডুলকার নাকি লারা। দুজনের মধ্যে কে সেরা এই প্রশ্ন মনে জাগেনি এ যুগে এমন ক্রিকেট প্রেমী বোধহয় খুঁজে পাওয়া যাবে না একজনও। তবে পত্রিকার পাতায় দুজনের প্রতিযোগিতার যত লড়াই ছাপা হোক না কেন মাঠের বাইরে দুজনেই সম্পর্ক বরাবরই চমত্কার। আন্তর্জাতিক ক্রিকেটে দু’জনের আগমন প্রায় একই সময়ে। তবে শচীনের বিদায়ের বহু আগেই ২০০৭ সালে ক্যারিয়ারের শেষ ঘোষণা করেছেন লারা। এদিকে ২৪ বছরের সুদীর্ঘ এক ক্যারিয়ার শেষে শচীনও শেষ বলবেন আর মাত্র একটি টেস্ট পরেই। বছরের পর বছর ধরে এই ক্রিকেট নিয়েই চিন্তা করা আর মাঠে প্রতিপক্ষের মোকাবেলা। সেই ১১ বছর বয়স থেকে কেবল ক্রিকেটকে ঘিরেই যার স্বপ্নগুলো আবর্তিত হচ্ছে সেই শচীনের কেমন লাগবে যখন আর মাঠে নামা হবে না? এই প্রশ্নের উত্তরে লারা বললেন, ‘কোন সন্দেহ নেই প্রথমদিকে সে ক্রিকেটকে দারুণভবে মিস করবে। আপনি যখন আপনার জীবনের বিশাল একটি সময় ক্রিকেটের পেছনে ব্যয় করবেন আর একটি নির্দিষ্ট একটি লক্ষ্যকেই অনুসরণ করে যাবেন, তখন একটি চিন্তা আপনাকে বিস্মিত করবেই। আপনি তখন অবাক ভাববেন এখন আমি কি করবো? তবে শচীন সফল একজন মানুষ। দ্রুতই সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।’ প্রায় একই কথা বললেন শচীনের দীর্ঘকালের সতীর্থ সৌরভ গাঙ্গুলীও। শচীন দ্রতই ক্রিকেটের শূূন্যতা কাটিয়ে উঠতে পারবেন জানিয়ে দাদা এনডিটিভিকে বলেন, ‘শচীনের ভারত এবং ক্রিকেট বিশ্বের জন্য এতকিছু করার আছে যে সে দ্রুতই করার মতো কিছু খুঁজে পাবে।’ এদিকে শচীনকে ক্রিকেটের মাইকেল জর্ডান কিংবা মোহাম্মদ আলীর সাথে তুলনা করে লারা আরো বলেন, ‘আপনি যদি পরিসংখ্যানের হিসাব করেন তাহলে আপনি সব সময়ই এমন কিছু খেলোয়াড় পাবেন যাদের পরিসংখ্যান অনেক ভালো। যেমন বিরাট (কোহলি) ওয়ানডে ক্রিকেটে এখন তেমনই একজন। তবে পরিসংখ্যানের বিচারে আপনি বক্সিংয়ে মোহাম্মদ আলীর চেয়েও সফল অনেককে দেখবেন। কিন্তু তারপরও বক্সিং বললেই চোখের সামনে আলীই চলে আসেন। যেমনটা নাকি বাস্কেটবলের কথা বলতে গেলে আসে মাইকেল জর্ডানের নাম। ঠিক তেমনি আপনি যদি ক্রিকেটের কথা বলতে চান স্বাভাবিক ভাবেই সেখানে শচীনের আলোচনা চলে আসবে।’ শুধু তাই নয় শেষ টেস্টে শচীন তার পরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলক ছুঁবেন এমন আশাবাদও ব্যক্ত করেন লারা, ‘আমি তাকে বলবো যে, তোমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে কারো তুলনাই চলে না। তোমার চাপ নেয়ার কিছু নেই। শুধু আগামী পাঁচ দিন ক্রিকেটটাকে উপভোগ করো। তোমার সামর্থ্য আছে ৪০০ রান করার। সুতরাং ৪০০ করে তারপর ফেরো!’