সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সিরাজগঞ্জের সলঙ্গা ও ঝিনাইদহের মহেশপুরে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পোশাক কারখানার তিনজন নারী শ্রমিক রয়েছেন। আমাদের সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সোমবার আদমজী ইপিজেডের পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সঙ্গে রড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী পোশাক শ্রমিকসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ভোর ছয়টায় নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পোশাক শ্রমিক শাহীনুর (২৫), আয়শা বেগম (২৭), হেলেনা (২৭) ও বাসের চালক মুন্না (২৭)। এই ঘটনায় আহতদের অধিকাংশই নারী শ্রমিক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে পোশাক কারখানা ফ্যাশন সিটির শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, রড বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, খুলনা জেলার খান জাহানআলী থানার শিরোমনি মধ্যপাড়া মহল্লার শেখ নজরুল ইসলামের পুত্র গাড়ীর মালিক শেখ নিজাম (৩০), একই থানার শিরোমনি পূর্বপাড়া মহল্লার আবুল কালাম কাগজীর পুত্র মহসীন কাগজী (৩৫), শিরোমনি পূর্বপাড়া মহল্লার শামছেদ সানীর পুত্র মনির সর্দার (৩৮), শিরোমনি দক্ষিণপাড়া মহল্লার ড্রাইভার বাবু ফকির। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পানির ট্যাংক বোঝাই ট্রাকটি রবিবার রাতে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। রাত পৌনে বারটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়গোজা নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন সাংবাদিক বাবর আলী বাবু ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ খান । ঘটনাটি ঘটে গত রবিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর নামক স্থানে।