বান্দরবানে বিএনপির দুই গ্রুপে চরম উত্তেজনা

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩৬
বান্দরবান বিএনপির জেরী-মাম্যাচিং গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকালের হরতালেও পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে এই দুই গ্রুপ। দিনভর ছিল সংর্ঘষের আশংকা। গতকাল পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। এসময় বান্দরবানে পৌর শপিং কমপ্লেক্সের সামনে মাম্যাচিং গ্রুপের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে সমাবেশস্থলের মাত্র পঞ্চাশ গজের মধ্যেই বান্দরবান বাজারস্থ দুই নাম্বার গলিতে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেরী সমর্থকেরা। পাল্টাপাল্টি মিছিল-সমাবেশের ঘটনায় দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মারমুখী অবস্থান নিয়েছে জেরী-মাম্যাচিং বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা। নাশকতা এড়াতে শহরে বিপুল পরিমাণে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতার চেষ্টা চালালেই গ্রেফতার করা হবে। এদিকে হরতালের কারণে বান্দরবানে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। বন্ধ রয়েছে সকল প্রকার দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান।