কায়সারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩৬
জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয়া না নেয়া সংক্রান্ত আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্তের এক আবেদনের পর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। এ সময় কায়সার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চেয়ে করা এক আবেদন খারিজ করে আজ মঙ্গলবার আবারো দিন ধার্য করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। নিজামীর পক্ষে জুনিয়র আইনজীবী মো. আসাদ উদ্দীন মামলার কার্যক্রমে তিন দিনের মুলতবি চেয়ে আবেদন করেন। তিনি বলেন, ১৮ দলের ডাকা হরতাল চলায় ব্যক্তিগত কারণে আসামিপক্ষের সিনিয়র আইনজীবীরা উপস্থিত হতে পারেননি। রাষ্ট্রপক্ষে এ আবেদনের বিরোধিতা করেন কৌঁসুলি মোহাম্মদ আলী। পরে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ আবেদন খারিজ করে আজ দিন ধার্য করেন। এদিকে, একই ট্রাইব্যুনাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন। ঐদিন তাকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে বলা হয়েছে।