বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলে তিনি বিএনপির পক্ষ থেকে নারী আসনে এমপি হতে যাচ্ছেন।
সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম তাঁর মনোনয়নপত্রটি গ্রহণ করেন। মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমাকে দল যে দায়িত্ব দিয়েছে তাতে আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমি সংসদে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলব। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করব। আমরা সংখ্যায় কম হলেও সংসদে আমাদের ভূমিকা থাকবে।
এদিকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, অগামী ২৮ তারিখ এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা ২৮ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে নির্ধারিত সময়ের পর একক প্রার্থী হিসেবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
