বাংলাদেশ প্রশ্নে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৪৯
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চলমান সঙ্কট দূর করতে বড় দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে গত রবিবার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক নৈশভোজের অনুষ্ঠানে মজীনা এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন। উভয় দেশই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, বাংলাদেশি পাবলিক এফেয়ার্স কমিটি (বাপাক) মিশিগানের হ্যামট্রামিক শহরের ‘গেইট অব কলম্বাস হল’-এ এই নৈশভোজের আয়োজন করে। এছাড়া দুপুরে একই স্থানে ড্যান মজীনাকে সার্বজনীন সংবর্ধনাও দেয়া হয় বাংলাদেশিদের পক্ষ থেকে। দুই দিনের মিশিগান সফরে মজীনা হ্যামট্রামিক বাংলাদেশি-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন ও ডেমোক্রেটিক ককাসের একটি অনুষ্ঠানেও যোগ দেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সকলেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য নিয়ে সহিংসতা কারো কাম্য হতে পারে না। নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ সম্পর্কে প্রবাসীদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ড্যান মজীনা বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি রাজনৈতিক দল। তাদের নিষিদ্ধ করা হয়নি। আশা করি তারাও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নান বিষয় তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ সারা বিশ্বে নেতৃত্ব দেবে, সেদিন আর বেশি দূরে নয়। রানা প্লাজার মতো আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। নৈশভোজের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে মানবাধিকার লংঘিত হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। এছাড়া স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে এ বিষয়ে উদ্বেগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান গেরি পিটার, হ্যামট্রামিক নগরের মেয়র ক্যারল মায়াস্কি, স্টেট সিনেটর হুন ইয়াং এবং বাংলাদেশিদের মধ্যে আহসান তাহমিম, নাজমুল হক হেলাল, সৈয়দ সাহেদুল হক, হেলাল উদ্দিন প্রমুখ।