পুলিশের গাড়িতে হামলা, ট্রাকে আগুন, চালক অগ্নিদগ্ধ

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৫
বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশ-বিজিবির গাড়ি লক্ষ্য করে হামলা, বোমাবাজি, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। হরতাল চলাকালে গতকাল সোমবার রাজধানীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুতার বাক্স থেকে ১৪টি ককটেল উদ্ধার করে পুলিশ। গতকাল রাজধানীতে তেমন সহিংস ঘটনা না ঘটলেও চট্টগ্রাম, রাজশাহী ও ঝিনাইদহে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায় হরতাল সমর্থকরা। গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয়া হলে এর চালক অগ্নিদগ্ধ হন। পুলিশের সঙ্গে বিএনপি ও ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে সিলেটসহ বিভিন্ন স্থানে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এসময় শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। এছাড়া হরতাল চলাকালে সারাদেশে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিরা। তবে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, হরতাল চলাকালে সারাদেশে ৯৪ জনকে আটক করা হয়েছে। ঢাকায় আটক করা হয়েছে ১৫ জনকে। এর মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ সারাদেশে তাদের পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেফতার এবং পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া হামলায় আহত হয়েছেন এক হাজার ৪০০ জন নেতাকর্মী। জামায়াতে ইসলামী দাবি করেছে, গত দু’দিনে প্রায় তিন হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে প্রায় দেড় হাজার। রাজধানীতে গতকাল ব্যাংক-বীমাসহ বিভিন্ন অফিস খোলা ছিল। ব্যাংকে লেনদেন হয়েছে। রাস্তায় যানবাহন হরতালের প্রথম দিনের চেয়ে বেশি ছিল। তবে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি বা রাজধানীতে আসেনি। প্রায় সকল বড় বড় বিপণী বিতান ছিল বন্ধ। ভোর সাড়ে ৬টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বাংলা স্কুলের ঢালে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটিতে পুলিশ বাধা দিলে মিছিল থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাদের ছত্রভঙ্গ করতে ছয়টি ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। সকাল পৌনে ৮টার দিকে মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় আল হেলাল হাসপাতালের সামনে শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বর সেকশনে বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় মিছিল বের করে শিবির। মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। গতকাল হরতাল চলাকালে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদর্শিক অবস্থান থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ করার সাথে সাথে প্রধানমন্ত্রী যদি তার পদ থেকে পদত্যাগ করতেন তবে দেশের অস্থিতিশীল যে পরিবেশ তৈরি হয়েছে তা আর থাকতো না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সকল সমস্যার সমাধান হয়ে যেত। ৮৪ ঘন্টার হরতাল শেষ হওয়ার পরে সরকারের কার্যক্রম পর্যালোচনা করে দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের নিকটবর্তী তিন নেতার মাজারের প্রবেশপথ থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, তিনটি জুতার বাক্স থেকে ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে পুলিশের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ককটেলগুলো নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। চট্টগ্রাম অফিস:হরতাল চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল বাজারে চারটি কাভার্ড ভ্যানে হরতালকারীরা আগুন দেয়। এসময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে দু‘জন গুলিবিদ্ধ হয়। একই স্থানে অতিরিক্তি পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহর গাড়িতে ককটেল হামলা করে পিকেটাররা। আগের রাতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক করা হয়। এদিকে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলোপাথাড়ি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় পৃথক চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। চতুর্থ মামলাটি হয়েছে বিস্ফোরক আইনে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে পুলিশ গতকাল স্থানীয় ছাত্রদল নেতা আনোয়ারকে গ্রেফতার করেছে। এছাড়া রবিবার প্রথম দিনের হরতালে চট্টগ্রামে নিহত নির্মল দাসের পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর):হরতাল সমর্থকরা ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঢাকা মেট্রো ড ১৪-০২০৯ নম্বরের একটি মালবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় ট্রাকের চালক মোঃ গিয়াস উদ্দিন (২৮) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলার পাশা গেইট এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিতে অগ্নিসংযোগসহ সফিপুর বাজার, চন্দ্রা ও শ্রীফলতলী বাইপাস রোডে কমপক্ষে ১০/১২টি যানবাহন ভাংচুর করে হরতাল সমর্থকরা। সিলেট অফিস:হরতাল চলাকালে সকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড শটগানের গুলি ও ৬ রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে। পুলিশ ধোপাদিঘীর পূর্বপাড় থেকে দু‘জনকে আটক করে। এছাড়া নগরীর চৌহাট্টা, মিরবক্সটুলা, আম্বরখানা, সুবিদবাজার ও শাহপরান এলাকায় প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর হয়েছে। বেলা ২টার দিকে শাহপরান এলাকায় ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। রাজশাহী অফিস:দুপুরে নগরীর শালবাগানে টায়ার জ্বেলে রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে পিকেটাররা। পুলিশ বাধা দিলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পিকেটাররা বিজিবি’র গাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিস্ফোরিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে একই সময় নগরীর শাহ মখদুম কলেজের সামনের সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরআগে নগরীর সোনাদীঘি মোড়ে ও জিরোপয়েন্টেও ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। রংপুর:নাশকতার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ দর্শনা মোড় এলাকার শিবির নিয়ন্ত্রিত কনফিডেন্স ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও জেহাদী বই, ইটপাটকেলসহ শিবিরের ২ ক্যাডারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নুরুজ্জামান (২৬) ও শাহাজাদা (২৩)। এছাড়া পিকেটিংকালে আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বগুড়া:রবিবার গভীর রাতে শহরের শহরদিঘী এলাকায় রেল লাইন উপড়ে ফেলে হরতাল সমর্থকরা। এতে বগুড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৪ ঘন্টা পর রেল কর্তপক্ষ লাইন মেরামত করলে ভোর সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। হরতাল চলাকালে শহরের কলোনী এলাকায় পুলিশের টহল গাড়ী লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে জামায়াত শিবিরের কর্মীরা। এসময় পুলিশ পিকেটারদের ধাওয়া করলে তারা উপর্যুপরি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় জামায়াত শিবিরের ৫ কর্মী আহত হয়েছে । ধুনট (বগুড়া): উপজোয় টিনপট্টি এলাকায় সকালে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ ও ১০ জন জন আহত হয়েছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন, যুবদল নেতা বুলেট খান ও শ্রমিকদল নেতা সবুজ মিয়াকে শেরপুর উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বরিশাল অফিস: নগরীতে বিসিসির যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। হরতালের প্রতিবাদে মহানগর যুবলীগ পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়া সকালে নগরীর কলেজ এভিনিউ মোড়, বান্দ রোড মেডিক্যালের সামনে ও সিএন্ডবি রোডে ৩টি ইজিবাইক (অটোরিক্সা) ভাংচুর করে পিকেটাররা। এদিকে বরিশাল সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আকবর গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মেয়র আহসান হাবিব কামাল। টাঙ্গাইল: বিএনপি’র মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক মির্জা রনি আহমেদ রিংকু ও জেলা ছাত্রদলের সদস্য শাফিলুর রহমান শাওনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী: শহরে পুলিশের সাথে ১৮ দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরতালকারীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে পুলিশ কনস্টেবল সানোয়ার হোসেন আহত হয়েছেন। পুলিশ জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল আনাম বকুলসহ বিএনপি ও শিবিরের ৭ নেতা-কর্মীকে আটক করেছে। কালীগঞ্জ (ঝিনাইদহ): উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। তবে কোন পুলিশ সদস্য আহত হয়নি। চকরিয়া (কক্সবাজার): উপজেলার সোসাইটি হাসপাতাল সড়ক থেকে ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ককটেল ও বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দুই মামলা হয়েছে। কালীগঞ্জ (গাজীপুর) : উপজেলার বালিগাঁও এলাকায় রবিবার গভীর রাতে মুরগীসহ একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে ভ্যানে থাকা ৫৮০টি মুরগী পুড়ে যায় এবং ভ্যানের চালক মোস্তফা (৩৫), সহকারী জুম্মন (২০) ও বাবু (২০) আহত হয়। চাঁদপুর : শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলসহ পুলিশ ৫ জনকে আটক করেছে। পরে জুয়েল ছাড়া বাকি ৪ জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। সেনবাগ (নোয়াখালী): ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার ভুঁইয়ার দিঘীর রাস্তার মাথায় একটি ট্রাক ও একই সড়কের তিন পুকুরিয়া নামক স্থানে একটি ফলবাহী পিকআপকে ধাওয়া করে পিকেটাররা। এ সময় বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাক ও পিকাপটি খাদে পড়ে যায়। এতে দুই চালকসহ অন্তত ৫ জন আহত হন। ঝালকাঠি: জেলা জজ আদালতের পিপি এডভোকেট আ. মান্নান রসুলের অফিস রুমে ৫টি ককটেল পাওয়া গেছে। সকালে পিপি ও তার সহকারি কনস্টেবল বজলুর রশিদ অফিসের তালা খুলে এ ককটেল দেখতে পান। ঘটনার পর পুলিশ ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে পিপি আঃ মান্নান রসুল জানান, আমার ধারণা আমাকে ভয় দেখাতে এই ঘটনা ঘটানো হয়েছে। নীলফামারী:হরতালে অচল হয়ে পড়েছে গোটা জেলা। হরতালকারীরা গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ৪টি মোটরসাইকেল ও ২টি অটোরিক্সা ভাঙচুর করে পিকেটাররা। শহরের বাজার ও গাছবাড়ি এলাকা থেকে রেললাইনের পাথরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। মুক্তাগাছা (ময়মনসিংহ): সকালে শহরের বড়হিস্যা বাজার থেকে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মতিউর রহমান মতি, ছাত্রদল কর্মী বকুলসহ ১৮ দলের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর: বীরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিকেটিং করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ:বিচ্ছিন্নভাবে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, যুবদল এবং জেলা মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় ২০/২২টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ পিকেটিংয়ের সময় ১২ জনকে আটক করেছে। নোয়াখালী: সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং জাতীয়তাবাদী ফোরামের কার্যালয়সহ ৮-১০টি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। আগের রাতে হরতালকারীরা যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর করে। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে অন্তত ৩০টি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলের আঘাতে এক শিশু (৮) আহত হয়েছে। তাকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়। ময়মনসিংহ: হরতালের আগের দিন ট্রাক ও প্রাইভেট কার পোড়ানোর ঘটনায় ময়মনসিংহে দ্রুত বিচার আইনে কতোয়ালী মডেল থানায় ২টি মামলা হয়েছে। মামলার বাদি হয়েছেন ট্রাকের মালিক আব্দুল মালেক ও প্রাইভেট কারের মালিক লিপু মিয়া। মামলায় নগর বিএনপি’র নেতা মাহাবুব আলম, ছাত্রদলের নেতা তানভীরুল ইসলাম টটুলসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। এদিকে দুপুরে দুর্বৃত্তরা শহরের আদালত পাড়া এলাকায় দুর্নীতি দমন কার্যালয় চত্বরে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। সাতক্ষীরা: সকালে ভোমরা স্থলবন্দর এলাকায় হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা ৪ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় তারা সেখানে একটি সাইকেল ভাংচুর করে। বন্ধ রয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। দেবহাটা উপজেলার বয়রা এলাকা থেকে ৩ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা: নগরীয় শাকতলা সড়কে ও দৌলতপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর টায়ারে আগুন দিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা। এসময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করা হয়। পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে আটক করছে। পটুয়াখালী: জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩১ জন কর্মী-সমর্থককে আটক করেছে। টঙ্গী: গাজীপুরের টঙ্গী থানা জামায়াতের আমীর মাওলানা গোলামুল কুদ্দুস, সেক্রেটারি মো. আফজাল হোসাইনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সরিষাবাড়ী (জামালপুর): বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরিষাবাড়ী থানার এসআই আজাহার আলী বাদি হয়ে রবিবার রাতে ৭ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলাটি করেন। চান্দিনা (কুমিল্লা): উপজেলার শ্রীমন্তপুর বাজারের পল্লী চিকিত্সক আবুল কালাম আজাদ এর ফার্মেসি থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।