‘ভিসি প্যানেল’ নির্বাচনের দাবিতে জাবিতে ঐক্য ফোরামের মানববন্ধন

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্কট নিরসনে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী ‘ভিসি প্যানেল’ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে গতকাল সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে ‘ভিসি প্যানেল’ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ঐক্য ফোরাম আজ মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে তারিখ ঘোষণা না হলে রাষ্ট্রপতির আদেশ বাস্তবায়নের জন্য তারা আবারও আন্দোলনে নামবেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান, সমন্বয়ক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, প্রধান সমন্বয়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার প্রমুখ। এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফউদ্দিন ভিসির সাথে দেখা করে অবিলম্বে ‘ভিসি প্যানেল’ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ‘সাধারণ শিক্ষক পর্ষদ’ ও ‘নীল দল’র ব্যানারে শিক্ষকদের আরেকটি অংশ সিন্ডিকেট, রেজিস্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচন দিয়ে সিনেট পুনর্গঠন করার মাধ্যমে ‘ভিসি প্যানেল’ নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ‘সাধারণ শিক্ষক পর্ষদ’র সভাপতি অধ্যাপক আহমেদ রেজা।