রক্ষকই ভক্ষক!

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৮
প্রতিটি স্কুলেই শিক্ষা সফর থাকে। এসব সফরে শিক্ষার্থীদের এবং প্রয়োজনীয় জিনিসের দেখভালের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই সফরের প্রয়োজনীয় জিনিস চুরি করলেন। তাও আবার সামান্য কোনো জিনিস নয়, আটটি গাড়ি। রক্ষকই ভক্ষকে পরিণত হলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এবং জর্জিয়ার স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সফরে যাওয়া আটটি বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীরা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে জ্যকসনভিলেতে গিয়েছিল। গাড়ির চালকরা জানিয়েছেন, তারা গাড়ি খেলার মাঠ থেকে কিছুটা দূরে রেখে দিয়েছিলেন। ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, তারা চারটি বাসের সন্ধান পেয়েছেন। বাসগুলোর নেমপ্লেট এবং রং পরিবর্তন করা হয়েছিল। এর সঙ্গে সফরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটিই দায়ী বলে তারা জানিয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। জ্যাকসনভিলের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ঘটনার অধিকতর তদন্ত করছেন। -ইউপিআই