হেমন্তের ওই সূর্য যখন
শিশির ছুঁয়ে হাসে
গড়িয়ে পড়ে মুক্তো-মানিক
নরম সবুজ ঘাসে।
সোনার মাঠে পাকা ধানের
গন্ধ যে মৌ মৌ
নতুন চালের পিঠা-পায়েস
বানায় কিষাণ বৌ।
সব কিছুতে নতুন ছোঁয়া
স্নিগ্ধ কোমল শিশির ধোয়া
হেমন্তটা বেশ;
কাঁচা সোনা রোদ মেখে গায়
দূরের পাখি দল বেঁধে আয়
ডাকছে বাংলাদেশ।