জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সবুজ পাতা বিছানো পথ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:১১
ক্যাম্পাসের প্রতিটি নিঃশ্বাসে রয়েছে এক নির্মল অক্সিজেন সমৃদ্ধ বাতাস। যেখানে পাখ-পাখালির মধুর কিচিরমিচির শব্দে প্রতিটি ছাত্রছাত্রীর একেকটি রঙিন দিন শুরু হয়। এবং সবুজ পাতা বিছানো রাস্তার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বিভাগে গিয়ে ক্লাস করাই প্রতিদিনের রুটিন। একদিকে প্রকৃতির নিরব আড্ডা অন্যদিকে বন্ধু-বান্ধবের সরব আড্ডা দুইয়ে মিলে এক অন্যরকম ক্যাম্পাস। বিকেল হওয়ার সাথে সাথে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে একদিকে চলে খেলা, অন্যদিকে বন্ধু-বান্ধবের আড্ডা আর কেউবা খেলার দর্শক। আর ছুটির দিন হলে তো কথাই নেই, ক্যাম্পাসে নামে দর্শনার্থীদের ঢল। বিভিন্ন রকম মানুষের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাস। ক্যাম্পাসের প্রায় ১৫টির মতো লেক তো এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। লেকগুলোর পানির ঢেউয়ের সাথে সর্বদা দুলতে থাকে আমাদের জাতীয় ফুল শাপলা। আর শীতের সময় আসলেই যেন অতিথি পাখিদের এক লীলাভূমিতে পরিণত হয় এই লেকগুলো। আর প্রত্যেক ছাত্র শিক্ষক যেন তাদের স্বাগতম জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। অতিথি পাখিদের দেখতে দেশি-বিদেশি মানুষের সমাগম ঘঠে বিপুল পরিমাণে। তখন মনে হয় এ যেন এক প্রকৃতির পাঠশালা। আর এখানে প্রায়ই বিভিন্ন নাটক, সিনেমার শ্যুটিং চলতে দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যই তাদের আকর্ষণের মূল কারণ। আর এ বিশ্ববিদ্যালয় তো সংস্কৃতির রাজধানী হিসেবে বহু আগেই আখ্যা পেয়েছে। যা এখানকার সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম দেখলেই যেকেউ নির্দ্বিধায় বলে দিতে পারবে। নাট্যাচার্য সেলিম আল দীন তো এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকে অন্যরকম মাত্রা দিয়ে গেছেন। তার হাতের ছোঁয়ায় এ বিশ্ববিদ্যালয় শুধু নয় পুরো বাংলা সংস্কৃতিকে নতুন এক ডোরে বেঁধে গেছেন তিনি। এই বিশ্ববিদ্যালয় শুধু সংস্কৃতি নয়— শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পাঠদান, খেলাধুলা প্রায় সকল ক্ষেত্রেই বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে এ বিশ্ববিদ্যালয়। সরকার ও রাজনীতির ৪র্থ বর্ষের ছাত্রী শারমিন সুলতানার সাথে কথা বলতেই সে বলল, আমাদের ক্যাম্পাস ঢাকা থেকে যথেষ্ট দূরে হওয়ায় এখানকার কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশ শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সাহায্য করে থাকে। এটাই আসলে লেখাপড়ার জন্য উত্কৃষ্ট একটি ক্যাম্পাস।