বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। বর্তমানে এতে দেশের ১২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন-প্রবীণ শিক্ষকদের মাসব্যাপী ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স চলছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তাদের মতামত, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারছেন। ফলে তাদের শিক্ষকতা জীবন আরো অর্থবহ হয়ে উঠছে এবং শিক্ষার্থীদের আরো ভালোভাবে পাঠদান করতে পারবেন বলে তারা দৃঢ় প্রত্যয়ী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার ক্ষেত্রে দেখা যায়, ছাত্র থেকে হঠাত্ শিক্ষক হয়ে যায়। তাই এক জন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, কিভাবে পাঠদান করানো দরকার সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কানিজ ফাতেমা বলেন, শিক্ষকতা জীবনের ভিত্তি রচিত হবে এ প্রশিক্ষণ থেকে। যা আমার ভবিষ্যত্ জীবনে পাথেয় হয়ে থাকবে। নোবিপ্রবির মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের প্রশিক্ষণ প্রত্যেক শিক্ষকের নেয়া উচিত এবং তা হতে হবে সহকারী প্রফেসর পদে উন্নীত হবার পূর্বেই।
হাবিপ্রবি থেকে আসা প্রভাষক শাহীন আলমের ভাষায় বুনিয়াদি প্রশিক্ষণ যেন এক স্বপ্ন বাস্তবায়ন। জীবনের পরবর্তী ধাপ সততা ও দক্ষতার সাথে অতিক্রম করার ব্রত নিয়েই এ প্রশিক্ষণে আসা। বাকৃবির শিক্ষক কৃষ্ণা রানী দাস বলেন, শিক্ষকতা জীবন শুরু কিভাবে করব তা এখনো ভাবি। ভাবি কি করা উচিত বা কি করা উচিত নয়। যা এ প্রশিক্ষণ পদ প্রদর্শক হয়ে থাকবে।
