দুই স্থানে দুই খুন

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৩৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন ও যশোরের অভয়নগর উপজেলা ছাত্রদলের এক নেতা খুন হন।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) রাণীশংকৈল উপজেলার বলঞ্চা গ্রামে গত সোমবার সকালে জমির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী ভাগ্নে মিজানুর রহমান তার জমিতে সুপারি গাছ লাগাতে জমির সীমানা নিয়ে মামা খালেক আপত্তি জানায় ও বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে মিজানুরের লাঠির আঘাতে খালেক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অভয়নগর (যশোর) যশোরের অভয়নগর উপজেলার বর্ণী গ্রাম থেকে গত মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক বিপ্লব (৩০) নামে এক ব্যক্তি খুন হন। জানা যায়, গত সোমবার রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে। নিহত বিপ্লব নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার তোরাব আলীর ছেলে।